এম এ কাদের অপুঃঃ
কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)র এক বিশেষ অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (৩৮) নামের চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১৪ মার্চ ২০২৬) শনিবার দুপুরে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বামইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা “খ” সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজারের দক্ষিণ পার্শ্বে বামইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের সামনে অবস্থান নেয়।
দুপুর ১:০৫ থেকে ১:৪৫ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে সংবাদের সত্যতা মেলে। ডিএনসি কর্মকর্তাদের উপস্থিতিতে সন্দেহভাজন জাকির হোসেনকে তল্লাশি করা হলে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৮টি পলি জিপারে সুকৌশলে রাখা মোট ১৬০০ পিস অ্যাম্পিফ্যাটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদেই গ্রেপ্তারকৃত জাকির হোসেন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। এই মাদক কারবারি জাকির সে দীর্ঘ দিন ধরে ভারতের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিল।
এই মাদকের চালানগুলো সে মূলত কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং ঢাকা শহরের বিভিন্ন সিন্ডিকেটের কাছে সরবরাহ করত।
ডিএনসি কুমিল্লা ‘খ’ সার্কেলের কর্মকর্তারা জানান, গোপন সংবাদদাতার নিখুঁত ইশারায় এই অপারেশনটি সফল হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন দীর্ঘদিনের অভিজ্ঞ মাদক কারবারি। তার সিন্ডিকেটটি ভারত সীমান্ত থেকে সরাসরি ঢাকা ও নারায়ণগঞ্জে মাদক সরবরাহ করে আসছিল। এই চক্রের মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।



















