কামরুল ইসলাম নিলয়ঃ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলাবাসীর জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র প্রধান সড়কটি এখন চরম ঝুঁকি ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির পাশেই অবস্থিত ‘রিতা ব্রিকস’ নামক ইটভাটার মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর ও ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, রিতা ব্রিকসের ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত মাটি বহনকারী ভারী ট্রাক্টর ও ড্রাম ট্রাকগুলো প্রতিদিন এই ব্যস্ততম সড়ক দিয়ে অবাধে চলাচল করছে। এসব যানবাহন থেকে রাস্তায় মাটি পড়ে তা শুকিয়ে প্রচণ্ড ধুলাবালির সৃষ্টি হচ্ছে। ফলে এই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যাত্রীবাহী যানবাহনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ধুলাবালির কারণে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সড়কে দৃষ্টিসীমা কমে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি, অতিরিক্ত ওজন বহনকারী এসব ভারী যানবাহনের চাপে বরুড়া-কুমিল্লা যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটির পিচ-ঢালাই উঠে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জনসাধারণের চলাচলের সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং পরিবেশ দূষণ করে মাটি বা বালু পরিবহন করা বিদ্যমান আইন অনুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩: এই আইনের ৫(১) ও ৫(২) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি বা অন্য কোনো স্থান থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবেন না এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত যত্রতত্র মাটি পরিবহন করতে পারবেন না। এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত উপজেলা বা ইউনিয়ন সড়ক ব্যবহার করে ভারী যানবাহন দ্বারা ইট বা ইটের কাঁচামাল পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ, যা সড়কের স্থায়িত্ব নষ্ট করে।
সড়ক পরিবহন আইন, ২০১৮: এই আইনের অধীনে নির্ধারিত ওজনসীমার অতিরিক্ত মালামাল বহন করা এবং সড়কে এমন কোনো দ্রব্য বা মাটি ফেলা যা রাস্তার ক্ষতি করে বা অন্যান্য যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫: বায়ুদূষণ ও অতিরিক্ত ধুলাবালি সৃষ্টি করে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধন করা এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের অভিযোগ, রিতা ব্রিকসের এই অবৈধ ও অপরিকল্পিত মাটি পরিবহন বন্ধ না করলে সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি রক্ষা করতে এবং ধুলাবালির অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।