এম এ কাদের অপুঃ
রাজনীতি মানেই কেবল পদ-পদবি নয়, রাজনীতি হলো মানুষের সেবা এবং আদর্শের জন্য ত্যাগ স্বীকার করা। সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত লাকসাম উপজেলার কান্দিরপাড় উত্তর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ সেলিম রানা। মনোহরপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, হাজী আলী আশরাফের সুপুত্র সেলিম রানা আজ কান্দিরপাড়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক আস্থার প্রতীক।
বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে বারবার জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে এই রাজপথের লড়াকু সৈনিককে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার তাঁর ওপর নেমে এসেছে হামলা-মামলা, তছনছ হয়েছে নিজের প্রিয় বসতবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান। সর্বদিক দিয়ে ক্ষতির মুখোমুখি হয়েও দলের আদর্শ এবং সাধারণ মানুষের ভালোবাসা থেকে তাঁকে একচুলও বিচ্যুত করা যায়নি। নির্যাতন যত বেড়েছে, তাঁর মনোবল এবং ত্যাগের স্পৃহা যেন ততটাই শক্ত হয়েছে।
কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির অন্যতম অভিভাবক আবুল কালাম এমপি এর রাজনৈতিক পথচলার শুরু থেকেই তাঁর সাথে ছায়ার মতো থেকে কাজ করে যাচ্ছেন মোঃ সেলিম রানা। লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং লাকসাম উপজেলা বিএনপির সদস্য হিসেবে প্রতিটি রাজনৈতিক সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সামনে কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এলাকার সচেতন নাগরিক এবং তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে এখন একটিই নাম মোঃ সেলিম রানা। নিপীড়িত এই নেতাকে কান্দিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্বস্তরের সাধারণ মানুষ।
এলাকাবাসীর মতে, যিনি চরম দুঃসময়ে নিজের সবকিছু হারিয়েও মাঠ ছেড়ে যাননি, চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার মানুষের দুঃখ-কষ্টের সময়েও পাশে থাকবেন। তরুণের প্রেরণা ও মুরুব্বিদের শ্রদ্ধার পাত্র সেলিম রানা কান্দিরপাড়কে একটি শোষণমুক্ত, সুশাসিত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।